Home আঞ্চলিক নড়াইলে ২ কিলোমিটার কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষ জিম্মি

নড়াইলে ২ কিলোমিটার কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষ জিম্মি

0


নড়াইল প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলার শহর সংলগ্ন মুলিয়া ইউনিয়নের দূর্বাজুড়ি গ্রাম থেকে সীতারামপুর পর্ষন্ত দীর্ঘ দুই কিলোমিটারের গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন যেন দুর্ভোগের আরেক নাম। কয়েক যুগ ধরে এলাকাবাসী রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। ভোটের আগে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও, কাজের কাজ কিছুই হয়নি। ফলে বর্ষা মৌসুম এলেই চার গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি চরমে পৌঁছায়।
সরেজমিনে দেখা গেছে, পুরো রাস্তাটি এখন খানাখন্দ আর কাদায় একাকার। ফলে মাঠের ফসল ঘরে তুলতে কৃষকদের চরম কষ্ট পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতে এই রাস্তা যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ায় হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে স্বজনদের চরম বেগ পেতে হয়। এমন বেহাল রাস্তা থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে একাধিকবার ছুটেও কোনো প্রতিকার পায়নি। দূর্বাজুড়ি গ্রামের বাসিন্দা গোপাল বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি লোক ও নেতারা বার বার এসে রাস্তাটি দেখে গেছেন। তারা সান্ত্বনা দিয়ে বলেন রাস্তাটি পাকা হবে, কিন্তু শেষ পর্যন্ত আর হয় না। এই বেহাল দশার কারণে গ্রামে ছেলে-মেয়েদের বিয়ে-শাদীর অনুষ্ঠান পর্যন্ত পন্ড হয়ে যায়।”
কৃষ্ণলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর গোলদার বলেন, “শুধু দূর্বাজুড়ি বা সীতারামপুর নয়, হিজলডাঙ্গা ও ইচড়বাহাসহ বেশ কয়েকটি গ্রামের লোকজনের চলাচলের একমাত্র পথ এটি। বৃষ্টি হলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে যায়। রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।” বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করে বলেন, “অতি দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”