Home আঞ্চলিক খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ দিবস’ পালিত

খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ দিবস’ পালিত

1


স্টাফ রিপোর্টার
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে নিজ ক্যাম্পাসে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘শহীদ মীর মুগ্ধ দিবস’। কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল জুলাই আন্দোলনে আহতদের সম্মাননা জ্ঞাপনসহ স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার (১৮ জুলাই) তার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য বাংলা’ প্রাঙ্গণে স্থিরচিত্র প্রদর্শনীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনার উপস্থিতিতে মীর মুগ্ধের স্মরণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে ‘জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
‘যে চেতনা ও আদর্শ নিয়ে মীর মুগ্ধ জীবন উৎসর্গ করেছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মীর মুগ্ধ ও সাকিব রায়হানের মতো সাহসী তরুণদের আত্মত্যাগ আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রেরণা হয়ে থাকবে।’ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন এ কথা বলেন। কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তরুণরা যে অঙ্গীকার রেখে গেছেন, তা বাস্তবায়নে সমাজ ও রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, দেশের তরুণেরা মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করুকÑএটিই তার চাওয়া।

সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের কাছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নসংক্রান্ত একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে ক্যাম্পাসের ভেতরে অবস্থিত গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হস্তান্তর, ভূমি সংকট নিরসন, শহীদ মীর মুগ্ধের নামে আবাসিক হল নির্মাণ এবং শিক্ষা ও গবেষণার সম্প্রসারণে প্রয়োজনীয় জমি বরাদ্দের দাবি জানানো হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ মীর মুগ্ধের নামে একটি নতুন আবাসিক হল নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করবেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমীর এজাজ খান এ কথা জানান। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণাঞ্চলের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অল্প সময়ের মধ্যেই খুলনা বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। তবে আবাসন সংকট, ভূমির স্বল্পতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মতো কিছু বাস্তব চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা প্রয়োজন। জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মীর মুগ্ধের মতো সাহসী ও আদর্শবান তরুণদের আত্মত্যাগ জাতিকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে, বলেও মন্তব্য করেন তিনি
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ সাকিব রায়হানের বাবা, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. নূরুন্নবীসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা। দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে জুলাই আন্দোলনে আহতদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।