Home জাতীয় ২২ কেজি ওজনের মাছটির দাম আড়াই লাখ টাকা

২২ কেজি ওজনের মাছটির দাম আড়াই লাখ টাকা

13


খুলনাঞ্চল রিপোর্ট


বরগুনার পাথরঘাটায় ২২ কেজি ওজনের একটি ভোল মাছ দুই লাখ ৪৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এতে কেজিপ্রতি মাছটির দাম পড়েছে ১১ হাজার ২৫০ টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) সুন্দরবন এলাকার এক জেলের জালে ভোল মাছটি ধরা পড়ে। শনিবার (১৪ নভেম্বর) সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাছটি আনা হয়। এরপর সগির মিয়ার আড়ত থেকে মাছটি কেনেন ইউসুফ মিয়া নামে এক পাইকারি মাছ ব্যবসায়ী। আড়তদার সগির হোসেন জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার সুকুমার বহাদ্দার নামের এক জেলে তার আড়তে মাছটি নিয়ে আসেন। এ সময় তিনি মাছটির দাম হাঁকেন সাড়ে চার লাখ টাকা। সকাল ১০টায় প্রকাশ্য নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। নিলামে অংশগ্রহণকারী ১৩ জনের মধ্যে ইউসুফ মিয়া নামে এক পাইকার ২২ কেজির ভোল মাছটি দুই লাখ ৪৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। সে হিসাবে প্রতি কেজি মাছের দাম পড়ে ১১ হাজার ২৫০ টাকা। ইউসুফ মিয়া বলেন, আন্তর্জাতিক বাজারে ভোল মাছের ব্যাপক চাহিদা থাকায় মাছটি কিনেছি। মাছটিতে আমার ৩০ থেকে ৩৫ হাজার টাকা ব্যবসা হবে। তিনি আরও বলেন, রাতে মাছটি ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করা হবে।