স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সদর ও জলমা ইউনিয়নের জমির মালিকদের ভূমি উন্নয়ন কর (খাজনা) দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বটিয়াঘাটা সদর থেকে প্রায ২ কিলোমিটার দূরে জলমা ইউনিয়ন এলাকায় বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত। সকাল থেকে সারাদিন লাইনে দাঁড়িয়েও অধিকাংশ মানুষ খাজনা দিতে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন। পর পর দুই দিন গিয়েও অনেকে খাজনা দিতে পারেন না। আবার কেউ কেউ বিশেষ পন্থায় খাজনা পরিশোধ করেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সদর ও জলমা ইউনিয়নের জমির খাজনা পরিশোধ করতে হয় বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিসে। এই অফিসটি জলমা ইউনিয়নের মল্লিকের মোড় নামক স্থানে অবস্থিত। এ অফিসের অধীনে ৩৫টি মৌজায় হোল্ডিংয়ের সংখ্যা ৩৮ হাজার ৪৪০টি। জমির পরিমাণ না বাড়লেও প্রতিনিয়ত হোল্ডিংয়ের সংখ্যা বাড়ছে। আবাসন ব্যবসায়ীরা এক সঙ্গে এক একর বা তার কম- বেশি জমি কিনে ছোট ছোট প্লট আকারে তা বিক্রি করে থাকেন। এটা জলমা ইউনিয়নে সবচেয়ে বেশি। এতে এক একর জমির প্লট হচ্ছে ১৫ থেকে ২০টি। পূর্বে যেখানে এক একর জমির মালিক একটি বা দুটি দাখিলা কাটতেন। আর এখন সেই জমির মালিকানা বেশি হওয়ায় দাখিলা হয়ে গেছে অন্তত ২০টি। তাছাড়া জমির মূল মালিকদেরও কেউ কেউ খ- খ- করে অধিক দামে জমি বিক্রি করে দিচ্ছেন। ফলে বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিসের অধীনে জমির মালিকানা দিন দিন বেড়ে চলেছে। যে কারণে খাজনা দেয়ার লোকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এ অফিসে প্রতিদিন গড়ে ৩০০ জন জমির মালিক আসেন খাজনা দিতে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৫০টির বেশি খাজনার দাখিলা দেয়া সম্ভব হয় না।
খুলনা মহানগরীর বাসিন্দা মোঃ আলফাজ হোসেন রবিবার এ প্রতিনিধিকে বলেন, গত বুধবার সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে তিনি খাজনা দিতে পারেননি। পরচাসহ অন্যান্য কাগজ জমা রেখে দিয়ে অফিস থেকে বলা হয়েছিল রবিবার যেতে। তিনি রবিবার গেলে বলা হয় সিরিয়ালে আসেনি। তাই আবার মঙ্গলবার যেতে বলা হয়েছে। গল্লামারীর বাসিন্দা রাবেয়া বেগম বলেন, পর পর তিন দিন খাজনা দিতে এসেও তিনি দিতে ব্যর্থ হয়েছেন। সিরিয়াল অনেক তাই তিনি রবিবার ফিরে আসেন। এদিকে রবিবার ভূমি অফিসের সামনের চায়ের দোকান ও ফটোস্ট্যাটের দোকানে এসে খাজনা পরিশোধের কপি নিলেন ২জন। তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, প্রতিদিন আসা সম্ভব হয় না তাই দোকানে রেখে গিয়েছিলাম সিরিয়াল নম্বর বলে। তারাই এটি ম্যানেজ করেছে।
এ বিষয়ে বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) কৃষ্ণপদ দাশ জানান, এ অফিসে লোকবলের সঙ্কট নেই। কিন্তু খাজনা দিতে আসা লোকের চাপ এত বেশি যে সময় মতো দাখিলা দেয়া সম্ভব হয় না। তিনি বলেন, খুলনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দুই ইউনিয়নের জমির খাজনা এই ভূমি অফিসে দিতে হয়। ১০ বছর আগে যে জমির মালিক ছিলেন ১ জন তখন একটি দাখিলা দিলেই হয়ে যেত। এখন সেই জমির মালিকানা চলে গেছে ১৫ থেকে ২০ জনের হাতে। যে কারণে দাখিলার সংখ্যাও অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ দুটি ভূমি অফিস পৃথকীকরণের জন্য সরকারী পদক্ষেপ রয়েছে। দুই ইউনিয়নের ভূমি অফিস দুটি আলাদা হলে এখানকার চাপ কমে যাবে। সমস্যাও বহুলাংশে লাঘব হবে।











































