যশোর অফিস
দুপুর গড়িয়ে বিকেল নামতেই পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে যশোর সদরের ইছালী ইউনিয়নের গাঁওঘরা। কয়েক বছর আগে অল্প পরিমাণে পাখি এলেও এ বছর পাখির সংখ্যা ও প্রজাতি বেড়ে গেছে বহু পরিমাণে। গাঁওঘরা গ্রামকে পাখির অভয়াশ্রমে পরিণত করতে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে ঘুড়ি ফাউন্ডেশন’। গাঁওঘরা গ্রামে ২০১৬ সালে কিছু শালিক পাখি মোল্লাপাড়ার বাগানে আগমন ঘটলে গ্রামের তরুণ পাভেল রহমান তাদেরকে মুড়ি, ধান, চাল দেয়া শুরু করে। আতিথেয়তা পেয়ে পাখির সংখ্যা বাড়তে শুরু করে। যে গ্রামে আগে কেবল কিছু শালিক আসত, কোন পাখির বাসা ছিল না সে গ্রামে এখন শালিক, দোয়েল, পানকৌড়ি, বক, চড়ুই, টুনটুনি, দাঁড়বক, শামুকখৌল, কাদাখুঁচা, ঘুঘু, শকুন, বাজসহ নাম না জানা পাখির আবাসস্থল হয়ে উঠেছে।
পাখির সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে গ্রামের মানুষের উদ্যোগে পাখি সংরক্ষণে গড়ে ওঠে ‘ইচ্ছে ঘুড়ি ফাউন্ডেশন’। গত ৪ বছর ইচ্ছে ঘুড়ি ফাউন্ডেশন পাখি সংরক্ষণ ও পাখির নিরাপদ বাসস্থান তৈরি করতে পাখির বর্জ্যে যেন দুর্গন্ধ না ছড়ায় সেজন্য ব্লিসিং পাউডার ছিটানো, গাছে পাখির বাসা তৈরি, জনসচেতনা বাড়ানো, অন্য এলাকার কেউ যেন এসে পাখি শিকার না করতে পারে সেজন্য সম্মিলিতভাবে প্রতিবাদ করার ফলে এ বছর পাখিরা ডিম দিয়ে এখানে বাচ্চা উৎপাদন করেছে। ফলশ্রুতিতে পাখির পরিমাণ আগামীতে আরও বাড়বে বলে গাঁওঘেরা গ্রামবাসীর ধারণা। ইচ্ছে ঘুড়ি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পাভেল রহমান বলেন, গ্রামে পাখির পরিমাণ বাড়তে শুরু করার পরই অনেকে পাখি শিকার করতে থাকে, পাখির বর্জ্যে বাড়ির আঙ্গিনা দুর্গন্ধ হয়ে যায় সেজন্য পাখির আবাসস্থল ভেঙ্গে ফেলে। তখন গ্রামের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে ইচ্ছে ঘুড়ি ফাউন্ডেশন গড়ে তুলি।
তিনি জানান, সচেতনতার অংশ হিসেবে সবাইকে বলি পাখি মাঠের পোকামাকড় খেয়ে ফেলে ফলে ফসলের উৎপাদন বাড়ে, পাখি ক্ষতিকারক নয়, উপকারী জীব। যারা পাখি শিকার করত তাদের বোঝানো হয়েছে পাখি শিকার না করতে। পাখি শিকার করার কারণে অনেক পাখি বিলুপ্তির পথে। গ্রামের অনেকে আগে পাখি শিকার করলেও এখন কেউ পাখি শিকার করে না। বরং তারা বাইরের এলাকার কেউ পাখি মারতে এলে বাধা দেয়।











































