Home জাতীয় দুইদিন ঠান্ডা ভাবের পর ফের রূপ বদল আবহাওয়ার

দুইদিন ঠান্ডা ভাবের পর ফের রূপ বদল আবহাওয়ার

11

স্টাফ রিপোর্টার

দুইদিন শীতল অনুভূতির পর আবারও আবহাওয়া ভিন্ন রূপ। শীতের অনুভূতি কমে গেছে। গরমের ভাব আবারও ফিরে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় ফের গরমের এই ভাব। নবেম্বর পর্যন্ত দিনের তাপমাত্রা একই অবস্থা বিরাজ করবে। ফলে এ সময়ে দিনের ভাগের শীতের অনুভূতি খুব একটা থাকবে না। তবে রাতের তাপমাত্রা কিছু কমে শীতে অনুভূতি দেখা দেবে। তারা জানায়, অক্টোবরের শেষ নাগাদ সাগরে সৃষ্ট হয় একটি লঘুচাপের। এর প্রভাব ছিল নবেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এর প্রভাব কেটে যাওয়ার পরই হঠাৎ-ই প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। তাপমাত্রা কয়েক ডিগ্রী কমে যায়। সারাদেশে একযোগে সকাল-সন্ধ্যা বেশ শীতের অনুভূতি শুরু হয়। কিন্তু এ অবস্থার পরিবর্তন হতে সময় নেয়নি। দুইদিন যেতে না যেতেই আবারও আগের অবস্থা ফিরে এসেছে।

কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলেন, শীতের এই আগমনী সময়ে আবহাওয়া সাধারণত শুষ্ক হয়ে পড়ছে। কোথাও মেঘ বা বৃষ্টির পূর্বাভাস নেই। আকাশ মেঘমুক্ত থাকায় রোদের কিরণ বাড়ছে। ফলে দিনের পরিবেশ বেশ উত্তপ্ত। ফলে তাপমাত্রা বেড়ে গরমের আবহ তৈরি হচ্ছে বেশ। দুপুর পর্যন্ত রোদের তেজ থাকছে অনেক। তবে বিকেল হতে আবহাওয়া বেশ নরম হয়ে পড়ছে। এছাড়া রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হচ্ছে না। রাতেও ফ্যানের ব্যবহার চলছে পুরোদমে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, নবেম্বরের শেষ নাগাদ পর্যন্ত দিনের আবহাওয়ায় খুব একটা পরিবর্তন হবে না। তবে এই সময়ে রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রী কমতে পারে। ফলে মধ্য নবেম্বরের পর রাতের আবহাওয়ায় শীতের অনুভূতি বাড়বে। এ দিকে গত কয়েকদিনের আবহাওয়া অফিসের তাপমাত্রা বিশ্লেষণ করে দেখা গেছে, নবেম্বরের প্রথম সপ্তাহে সারাদেশের তাপমাত্রা হঠাৎ-ই কয়েক ডিগ্রী কমে যায়। বিশেষ করে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। অন্য বিভাগের তাপমাত্রা আরও কমে ২৫ থেকে ২৭ ডিগ্রীতে চলে আসে। অপর দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। ফলে সারাদেশ জুড়েই শীতের আবহ বাড়তে থাকে। কিন্তু পশ্চিমা লঘুচাপ সক্রিয় হওয়ার পর থেকে গত কয়েকদিনে তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। এ কারণে হঠাৎ-ই যেভাবে শীতের অনুভূতি শুরু হয়েছিল তা উধাও হয়ে ফের গরমের অনুভূতি বেড়ে যাচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। যা আগের চেয়ে ৩ ডিগ্রী বেড়েছে। তবে শুক্রবার সন্ধ্যা নাগাদ ঢাকা তাপমাত্রা আবারও কমে তা ৩১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে এসেছে। দেশের অন্য বিভাগের সর্বোচ্চ তাপমাত্রাও ৩০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে এসেছে। এই তাপমাত্রার কারণে প্রকৃতিতে এখন না শীত না গরমের আবহও পাওয়া যাচ্ছে। যাকে এক কথায় নাতিশীতোষ্ণ বলা হয়। এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই ২৪ ঘণ্টা পরবর্তী তিনদিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত কয়েক দিনের মতো শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানায়, প্রকৃতিতে এখন শীতের আগমনী ধ্বনি। ফলে তাপমাত্রা বাড়লেও ক্রমান্বয়ে তা কমে আসবে। যেহেতু সামনে শীত। তাই গরমের মাত্রা বেশি বাড়বে না। তাপমাত্রা আরও কমে আস্তে আস্তে প্রকৃতিতে শীত নামবে। এদিকে পুরোদমে শীত না এলেও মানুষের মাঝে শীতের প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে মার্কগুলোতে এখন গরম কাপড়ের সমারোহ বাড়ছে। ক্রেতারা গরম কাপড় কেনার প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর রাস্তায় অলিগলিতে এখনই শীতের পিঠার ধুম শুরু হয়েছে। তবে রাজধানীর আবহাওয়া সঙ্গে গ্রামের আবহাওয়া ভিন্নতা রয়েছে। রাজধানীতের শীতের ভাব না থাকলে দেশের উত্তরাঞ্চলসহ গ্রামীণ জনপদে রাতে শীতের অনুভূতি রয়েছে বেশ। ফলে সেখানে রাতের গরম কাপড় ব্যবহার ইতোমধ্যে শুরু হয়েছে। তবে তারা জানায়, বাতাসে শীতের থাকলেও এখনই জমিয়ে শীত আসছে না। এর জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।