Home আঞ্চলিক মাগুরায় কালভার্ট ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

মাগুরায় কালভার্ট ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

5


মাগুরা প্রতিনিধি।।
একদিনের অতিবৃষ্টিতে খালের পানির প্রবল স্রোতে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের একটি কালভার্ট ধসে পড়েছে। এতে প্রায় ৩০ ফুট সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে ব্রিজটি ধসে পড়ায় ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে খালের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। শুক্রবার দুপুরে প্রবল পানির চাপে কালভার্ট নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে তা ধসে পড়ে।

কালভার্ট ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষসহ প্রতিদিন যাতায়াতকারী শত শত মানুষ বিপাকে পড়েছেন। বর্তমানে অনেকেই বাড়তি সময় ও খরচ দিয়ে বিকল্প পথে চলাচল করছেন। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে খাল পারাপারের চেষ্টা করছেন, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় শতখালী গ্রামের বাসিন্দা মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে জানান, মাত্র কয়েক মাস আগেই এই রাস্তার কাজ শেষ হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে কালভার্ট ভেঙে যাওয়ায় যাতায়াতে চরম বিপর্যয় নেমে এসেছে। ভোগান্তি কমাতে দ্রুত সেখানে একটি বিকল্প যাতায়াত ব্যবস্থা চালু করার এবং অবিলম্বে একটি নতুন টেকসই কালভার্ট নির্মাণের দাবি জানান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ধসে পড়া কালভার্ট পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নতুন করে কালভার্ট নির্মাণের বিষয়ে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।