Home আলোচিত সংবাদ ছটফট করছিল পেঁচাটি, ফেরানো হলো প্রকৃতিতে

ছটফট করছিল পেঁচাটি, ফেরানো হলো প্রকৃতিতে

4


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের শরণখোলায় বেড়ার জালে আটকে পড়া একটি পেঁচা উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি ও বন্য প্রাণী সংরক্ষণকর্মীরা। পরে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা ও সেবাশুশ্রূষা দিয়ে সুস্থ করার পর আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃতিতে। কাছাকাছি এলাকায় পাখিটির সঙ্গীকেও দেখতে পাওয়ায় তাকে পাশের একটি বাগানে অবমুক্ত করা হয়।

আজ বুধবার দুপুর ১টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের বেড়ার জাল থেকে পেঁচাটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পেঁচাটির উজ্জ্বল হলুদ চোখ এবং শরীর বাদামি ও ধূসর রঙের। স্থানীয়ভাবে এটি ভুতুম বা হুতোম পেঁচা নামে পরিচিত। তবে বন্য প্রাণী সংরক্ষণকর্মীরা জানিয়েছেন, পাখিটি মূলত খয়রা মেছো পেঁচা।

স্থানীয় জাফর শিকদার জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের খেলার মাঠের বেড়ার জালে পেঁচাটিকে আটকে থাকতে দেখেন তিনি। জালে আটকে পাখিটি ছটফট করছিল। এ অবস্থায় তিনি দ্রুত পেঁচাটিকে জাল থেকে ছাড়িয়ে নেন এবং বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দেন। পরে দুপুর দেড়টার দিকে ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর আলম হাওলাদার ঘটনাস্থলে পৌঁছে পাখিটির সেবাশুশ্রূষা করেন। প্রাথমিক পরিচর্যার পর সেটিকে পাশের একটি বাগানে ছেড়ে দেওয়া হয়।

ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, দীর্ঘ সময় জালে আটকে থাকায় পেঁচাটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। তবে শরীরের কোথাও কোনো ক্ষত পাওয়া যায়নি। প্রাথমিক পরিচর্যার পর পাখিটি সুস্থ হয়ে ওঠে। কাছাকাছি এলাকায় এর সঙ্গী আরেকটি পেঁচাকেও দেখা গেছে। তাই উদ্ধার করা পাখিটিকে দূরে না নিয়ে পাশের বাগানে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে পাখিটি ভুতুম বা হুতোম পেঁচা নামে পরিচিত হলেও এটি মূলত খয়রা মেছো পেঁচা। ডানা মেলা অবস্থায় পাখিটির দৈর্ঘ্য প্রায় তিন ফুট।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস বলেন, পেঁচা প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে এরা পরিবেশের উপকার করে। কিন্তু সমাজে প্রচলিত নানা কুসংস্কারের কারণে অনেকেই পেঁচাকে অশুভ পাখি মনে করেন। এ ধারণা সম্পূর্ণ ভুল। পেঁচা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি বন্য প্রাণী। তাই পেঁচাসহ সব বন্য প্রাণীকে হত্যা না করে সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।