স্টাফ রিপোর্টার।।
খুলনার খালিশপুরের নতুন কলোনি এলাকায় একটি বাসা থেকে মোঃ জাবেদ (৪৫) নামে এক ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) মরদেহ উদ্ধারের পর তাঁর পরিচয় শনাক্ত হয়। গলায় রশি পাওয়া গেলেও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হচ্ছে।
নিহত জাবেদ খালিশপুর থানাধীন এনএফ-৭৭, রোড নম্বর-২১২ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত সাব্বির এবং মাতার নাম মৃত শাহিদা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ মাছ বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অনেকটা একাকী জীবনযাপন করতেন। অতীতে মাদকাসক্তির সমস্যার কারণে তাঁকে পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়েছিল বলেও জানা গেছে। তাঁর বর্তমান স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যরা তাঁর সঙ্গে বসবাস করতেন না।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মরদেহের গলায় রশি ছিল। এ কারণে প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি সামনে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় নতুন কলোনি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।











































