ঢাকা অফিস।।
পর্যটকদের জন্য সুখবর! সেন্টমার্টিন দ্বীপে যাতায়াতে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে চালু হচ্ছে তিনটি পর্যটকবাহী জাহাজ। সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ও কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজ তিনটি চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট ছেড়ে যাবে জাহাজগুলো।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদন পাওয়া তিনটি জাহাজ হলো- এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। জাহাজ তিনটিতে মোট দুই হাজার ২৯৮ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জাহাজ মালিকেরা জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ তিনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতিতে এ যাত্রা শুরু হচ্ছে।
জাহাজগুলোর ছাড়ার সময়সূচি-
এমভি বার আউলিয়া: সকাল ৭টা।
এমভি কর্ণফুলী: সকাল ৭টা ১৫ মিনিট।
এমভি টেকনাফ: সকাল ৮টা ১৫ মিনিট। জাহাজটির সেন্টমার্টিনে পৌঁছানোর নির্ধারিত সময় বেলা সাড়ে ৩টা।
টিকেট বিক্রি ও যাত্রা নিয়ে দুই ধরনের বক্তব্য
জাহাজ মালিকদের সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সিদ্ধান্ত হয়নি। অলরেডি অনলাইনে ৭০০ এর অধিক টিকেট কাটা হয়ে গেছে। কিন্তু এখনো আমরা ক্লিয়ারেন্স পাই নাই। কালকে ঘাটে কী হয়, আল্লাহই ভালো জানে। আমি জানি না।
অন্যদিকে, এমভি টেকনাফের ব্যবস্থাপক আকতার নূর এক বার্তায় বলেন, আমাদের টানা অক্লান্ত পরিশ্রমের সুফল শুরু হলো। আজ থেকেই টিকেট কাটা যাবে এমভি টেকনাফের। কাঙ্ক্ষিত মুহূর্ত শুরু হলো অবশেষে।
তিনি জানান, এমভি টেকনাফের প্রথম যাত্রা হবে ৬ নভেম্বর।
জেলা প্রশাসনের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার জাহাজ চলবে না। জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
যাত্রীদের জন্য ট্রাভেল পাস বাধ্যতামূলক
সরকারি নির্দেশনা অনুযায়ী, সেন্ট মার্টিন ভ্রমণের জন্য পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপ থেকে কিউআর কোডযুক্ত ডিজিটাল ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে।
ট্রাভেল পাস ছাড়া টিকেট ইস্যু করা যাবে না। কিউআর কোডবিহীন টিকেট গ্রহণযোগ্য হবে না বলে নির্দেশনায় বলা হয়েছে। এ ছাড়া কোনো জাহাজ কোম্পানি একবারে ১৫ দিনের বেশি সময়ের অগ্রিম টিকেট বিক্রি করতে পারবে না।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। দ্বীপ ভ্রমণের ক্ষেত্রে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন।











































