Home বিনোদন শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

3

বিনোদন ডেস্ক।।

বলিউড বাদশাহ শাহরুখ খানের বিগ বাজেটের সিনেমা ‘কিং’ ঘিরে ভক্ত-অনুরাগী মহলে উন্মাদনা এখন চরমে। সেই উত্তেজনায় ঘি ঢেলে সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিনেমার গান ‘তু মিল জায়ে’।

আর এই গানের মাধ্যমে প্রথমবারের মতো বলিউডের কোনো সিনেমা কণ্ঠ দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ পপতারকা এড শিরান। পপসংগীতশিল্পী এড শিরান ও ভারতের গায়ক অরিজিৎ সিংয়ের এই বিরল জুটি সংগীতপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছে।

ভারতের সাম্প্রতিক সফরের সময় এড শিরান মান্নাতে গিয়েছিলেন তার ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিওতে শাহরুখকে দিয়ে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করানোর জন্য। সেদিনই বাদশাহ তাকে সুরকার জুটি সচিন-জিগর-এর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই দিন রাতেই এড শিরান ‘তু মিল জায়ে’ গানের জন্য নিজের অংশটি লেখেন এবং রেকর্ড করে ফেলেন।

শাহরুখ খানের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং এই ঐতিহাসিক সহযোগিতার পেছনের নানা গল্প সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান।

সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে ভোকাল রেকর্ডিংয়ের ভিডিও শেয়ার করে এড শিরান জানিয়েছেন, বলিউডে তার গান গাওয়ার সফরটি অনেকটাই কাকতালীয়ভাবে মান্নাতে শাহরুখের আতিথেয়তার মাধ্যমে সম্ভব হয়েছে।

এ পপতারকা বলেন, ‘যখন প্রথম শাহরুখ খানের সঙ্গে আমার দেখা হয়, উনি বলেছিলেন— ওর পরের ছবিতে আমাকে অবশ্যই গান গাইতে হবে এবং সেটাই হবে বলিউডে আমার প্রথম কাজ। বছরের পর বছর ধরে আমাদের বন্ধুত্ব ও পরিচিতি গভীর হয়েছে। আমি ওনাকে ভীষণ ভালোবাসি।’

এড শিরানের হিন্দি গানের অংশের প্রশংসা করে সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এড শিরানকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ খান লিখেছেন— ‘বন্ধুর এই গানটি করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, বিশেষ করে গানের হিন্দি অংশগুলোর জন্য! লাভ ইউ এড!’

এডও সচিন-জিগর এবং অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ করতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তার সব প্রিয় মানুষকে এখন একই প্রজেক্টে পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর শাহরুখ খানের ৬১তম জন্মদিনে মুক্তি পায় ‘তু মিল জায়ে’ গানটি। মুক্তির পরই সব মাধ্যম মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এটি ৬০ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। ইউটিউবে মুক্তির প্রথম দিনেই ৩৬.৩ মিলিয়ন ভিউ এবং ৪ লাখ ৩০ হাজারের বেশি লাইক পেয়ে এ গানটি সব থেকে বেশি দেখা ভারতীয় সিনেমার গানের তালিকার শীর্ষে পৌঁছে এক নতুন ইতিহাস গড়েছে।

শাহরুখ খানের আগের ব্লকবাস্টার ‘জওয়ান’-এর ‘জিন্দা বান্দা’ (৩৪.৬ মিলিয়ন), ‘আদিপুরুষ’-এর ‘জয় শ্রী রাম’ এবং ‘সিকান্দার’-এর ‘সিকান্দার নাচে’ গানের রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে ‘তু মিল জায়ে’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাকশন ড্রামা ‘কিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালকে। এর পাশাপাশি রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন এবং কারিনা কাপুর খান বিশেষ ক্যামিও চরিত্রে আত্মপ্রকাশ করবেন।