।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
বুধবার (৪ নভেম্বর) প্রদত্ত এক বিবৃতিতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রকিবুল ইসলাম বকুলের মনোনয়ন খুলনাবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক সংবাদ। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল শুধু খুলনা নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, আধুনিক যন্ত্রপাতি, শয্যা সংকট ও অব্যবস্থাপনাসহ নানা সমস্যার কারণে রোগীদের অনেক সময় দুর্ভোগ পোহাতে হয়। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।
তাঁরা আরও বলেন, হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন সভাপতির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা যাতে সরকারি এ হাসপাতাল থেকে হয়রানিমুক্ত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা। বিবৃতিতে নেতৃবৃন্দ রকিবুল ইসলাম বকুল এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী. মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ।











































