Home আঞ্চলিক বটিয়াঘাটায় কৃষকদের মাঝে ধান বীজ ও জৈবসার বিতরণ

বটিয়াঘাটায় কৃষকদের মাঝে ধান বীজ ও জৈবসার বিতরণ

12

স্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা, বন্যা, খরা এবং অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংস্থা লিডার্স জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে ধান বীজ ও জৈবসার বিতরণ করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় Climate Adaptation of High Risk Coastal Communities through Empowerment (CARE) প্রকল্পের আওতায়। প্রকল্পটি ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক।
প্রধান অতিথি ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিব বিশ্বাস, মোঃ মোস্তাফিজুর রহমান, বিষাদ সিন্ধু মণ্ডল ও অঞ্জন মণ্ডল।
অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরে লিডার্স-এর এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার মো. ফয়সাল হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধানের জাতের সম্প্রসারণ এবং জৈবসারের ব্যবহার বৃদ্ধি কৃষকদের উৎপাদনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হাওলাদার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের জলবায়ু সহনশীল ধানের জাত ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি লিডার্স-এর মতো উন্নয়ন সংস্থার এ ধরনের কার্যক্রম কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স-এর প্রজেক্ট অফিসার ইভানা আফরিন। উপস্থিত ছিলেন হিমাংশু মণ্ডল ও চৈতি মণ্ডল প্রমুখ।
লিডার্স-এর (CARE) প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে খুলনা ও সাতক্ষীরা জেলার বটিয়াঘাটা, শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৩৫০ জন জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকের মাঝে ৩ হাজার ৫৪০ কেজি লবণ ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং ৩ হাজার ৫৪০ কেজি জৈবসার বিতরণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি চর্চার সম্প্রসারণ, নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা জোরদার করার লক্ষ্যে কাজ করছে লিডার্স।