Home Lead দিঘলিয়ায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

দিঘলিয়ায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

21

স্টাফ রিপোর্টার।।

খুলনার দিঘলিয়া উপজেলায় সমির ভট্ট (৩৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লারডাঙ্গা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লারডাঙ্গা এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে তারা দেখতে পান, মরদেহের গলাটি ধারালো অস্ত্র দিয়ে কাটা এবং শরীর রক্তাক্ত। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দিঘলিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে জানা যায়, নিহত সমির পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সমির ভট্ট নামে এক ভ্যানচালকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানান, ঠিক কী কারণে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। দ্রুতই ঘটনার পেছনের রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, জনবহুল এলাকায় একজন সাধারণ ভ্যানচালককে এভাবে গলা কেটে হত্যার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।