স্টাফ রিপোর্টার।।
বিগত গণ-অভ্যুত্থানে পরাজিত স্বৈরাচারের দোসর এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের ক্যাডারদের চোরাগোপ্তা নাশকতার অপচেষ্টা রুখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দিয়েছে খুলনা মহানগর বিএনপি। সোমবার (২২ জুন, ২০২৬) এক যৌথ বিবৃতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় জনগণের জানমাল রক্ষায় পাহারাদারের ভূমিকা রাখার এই উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন যৌথ বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, পরাজিত স্বৈরাচারের দোসর ও দেশের আইনশৃঙ্খলা বিঘ্নকারী নিষিদ্ধ রাজনৈতিক দলের ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, আকস্মিক শোডাউন ও চোরাগোপ্তা নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক এবং দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে।
নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করার যেকোনো সুগভীর ষড়যন্ত্র দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে যেকোনো মূল্যে রুখে দেওয়া হবে। খুলনার মাটিতে কোনো ধরনের নৈরাজ্য বা নাশকতা বরদাশত করা হবে না।”
বিবৃতিতে বিএনপি নেতারা উল্লেখ করেন, ফ্যাসিবাদী ও নিষিদ্ধ সংগঠনের দোসররা এখনো পর্দার আড়াল থেকে দেশের স্থিতিশীলতা নষ্ট করার পাঁয়তারা করছে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করা, মহানগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের সুরক্ষা দেওয়া রাজনৈতিক দল হিসেবে আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।
মহানগর নেতৃবৃন্দ নগরীর সার্বিক শান্তি-শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার অনুরোধ জানান। একই সাথে যেকোনো ধরনের উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো তথ্য ও সহযোগিতা দিয়ে মহানগরের শান্তিময় পরিবেশ বজায় রাখতে হবে। এই কুচক্রী মহলের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে রাজপথে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে ‘পাহারাদার’ হিসেবে দায়িত্ব পালন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর শীর্ষ নেতৃদ্বয়।











































