স্টাফ রিপোর্টার।।
খুলনার আড়ংঘাটা থানা এলাকার সিটি বাইপাস সড়কের লতা নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আড়ংঘাটা থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি দায়ের করে। মামলায় যুবলীগ নেতা সিঙ্গাপুর প্রবাসী মাহফুজ ও শেখ জাফরিন হাসানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা মিলিয়ে মোট ৫২ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন, ২০২৬) আড়ংঘাটা থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি দায়ের করে। এজাহারে উল্লেখ করা হয়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এবং জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা সিটি বাইপাস সড়কের লতা এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করে। এই রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা মাহফুজ এবং শেখ জাফরিন হাসানের নাম সুনির্দিষ্টভাবে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে যেকোনো ধরনের অপতৎপরতা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। আড়ংঘাটা থানায় সন্ত্রাস বিরোধী আইনে ৫২ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এজাহারভুক্ত ও মিছিলে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।










































