স্টাফ রিপোর্টার।।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানের ব্যবহৃত একটি প্রাইভেটকার। রোববার (২১ জুন) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তিনি খুলনা থেকে ঢাকায় আসছিলেন। পথে বৃষ্টি ভেজা পিচ্ছিল সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ও রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে।
খুলনায় জনসম্মুখে পুলিশ পরিদর্শককে ‘গাছের সঙ্গে ঝুলিয়ে দেব’ মন্তব্য করে বিতর্কের জন্ম দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। তাকে আজ রোববারের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে স্টেশন ত্যাগ করে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় গাড়িচালক আহত হলেও অতিরিক্ত কমিশনার রাশিদুল ইসলাম খান অক্ষত রয়েছেন। পরে তিনি অন্য একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। ঘটনার পরপরই শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।










































