খবর বিজ্ঞপ্তি।।
দলীয় শৃঙ্খলাভঙ্গ, বিতর্কিত কর্মকাণ্ড এবং নানা অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখতে খুলনা মহানগর বিএনপির আওতাধীন পাঁচটি থানায় একযোগে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে খুলনা মহানগর বিএনপি।
শনিবার (২০ জুন) খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তদন্ত কমিটিতে খুলনা মহানগর বিএনপির নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোল্লা মাসুম রশিদকে আহ্বায়ক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ পারভেজ বাবুকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া এম হুমায়ূন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এড. শেখ মোহাম্মদ আলী বাবু ও আলমগীর হোসেনরত সদস্য করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহানগর বিএনপির আওতাধীন এই পাঁচটি থানায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেসকল নেতাকর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া গেছে, সেগুলো অত্যন্ত কঠোরতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে কেের আগামী ৭ (সাত) দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে মহানগর বিএনপির কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
উল্লেখ্য দলের সাংগঠনিক শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা এবং প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।











































