Home আঞ্চলিক খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: শফিকুল আলম মনা

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: শফিকুল আলম মনা

1

ডায়াবেটিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি।।


খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, খুলনা আমাদের সবার প্রিয় শহর। রূপসা-ভৈরব তীরের এই ঐতিহ্যবাহী খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সকল ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য নয়, এটি খুলনার সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নের প্রতিষ্ঠান। অতীতে এই প্রতিষ্ঠানে যে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানি করার সংস্কৃতি তৈরি হয়েছিল, তা কঠোর হস্তে দমন করা হবে। এখন থেকে কেডিএ-এর প্রতিটি ফাইল নড়াচড়া করবে নিয়মের মধ্যে, কোনো অনিয়ম বা টেবিলের তলা দিয়ে লেনদেন বরদাশত করা হবে না।


শনিবার (২০ জুন) বিকাল ৫টায় কেডিএ-এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় খুলনা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে আয়োজিত জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা হলো যেকোনো প্রতিষ্ঠানের প্রাণ। জবাবদিহিতা না থাকলে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না; ধীরে ধীরে তা ভেতর থেকে ধ্বংস হয়ে যায়। আমরা যদি নিজেদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহিতার আওতায় না আসি, তবে আমাদের এই গৌরবময় প্রতিষ্ঠানগুলো অচিরেই ধ্বংসের মুখে পড়বে। নবনিযুক্ত চেয়ারম্যান কেডিএ-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে কেবল বহুতল ভবনের নকশা অনুমোদন বা প্লট বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং আবাসন সংকট নিরসন, পরিকল্পিত পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোর আধুনিকায়ন এবং নগরীর যানজট নিরসনে মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করবে। মাস্টারপ্ল্যান বাস্তবায়নে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি), ওয়াসা ও জেলা প্রশাসনসহ সকল সেবামূলক প্রতিষ্ঠানের সাথে কেডিএ সমন্বয় করে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খুলনা ডায়াবেটিক সমিতির সকল কর্মকর্তা ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে এড. মনা বলেন, ডায়াবেটিক সমিতি দীর্ঘদিন ধরে খুলনার সাধারণ ও দুস্থ মানুষকে সুলভে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এই মানবিক কাজের পরিধি আরও বাড়াতে এবং হাসপাতালের আধুনিকায়নে কেডিএ-এর পক্ষ থেকে যেকোনো যৌক্তিক ও আইনি সহযোগিতা প্রদানে তিনি সর্বদা পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। খুলনা ডায়াবেটিক সমিতির সিনিয়র সদস্য এড. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এস এম ফেরদৌস, ডা. রফিকুল হক বাবলু, এড. খোন্দকার আতিয়ার রহমান, ডা. মোস্তফা কামাল, মো. জাহাঙ্গীর আলম, শেখ মঞ্জুর হাসান অপু, ডা. সালাউদ্দিন আহমেদ শাওন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম পলাশ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে খুলনা ডায়াবেটিক সমিতির আহবায়ক এড. শফিকুল আলম মনা নবনিযুক্ত কেডিএর চেয়ারম্যান হওয়ায় ডায়াবেটিকস সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মী এবং নগরীর বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।