আন্তর্জাতিক ডেস্ক।।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির জন্য নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছে তেহরান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পরিষদ জানায়, নবগঠিত সংস্থাটির নাম রাখা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ। নতুন এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালির সার্বিক ব্যবস্থাপনা, নৌ-নিরাপত্তা ও কৌশলগত তদারকির দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে প্রণালির সর্বশেষ পরিস্থিতি এবং এর নিরাপত্তা সংক্রান্ত যেকোনো ধরনের পরিবর্তন বা আপডেট তাৎক্ষণিকভাবে (রিয়েল-টাইম) প্রকাশ করবে এই কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ রুটে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করতেই ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।










































