স্টাফ রিপোর্টার।।
খুলনা সদর থানাধীন বড়বাজার এলাকায় মঙ্গলবার (১২ মে) বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে খুলনা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন।

এ সময় বিভিন্ন দোকানে জনসমক্ষে মূল্যতালিকা প্রদর্শন করা হয়েছে কিনা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়। পাশাপাশি দোকানগুলোর পাকা রশিদ পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











































