Home খেলাধুলা সাফের প্রস্তুতিতে থাইল্যান্ডে বাংলাদেশ

সাফের প্রস্তুতিতে থাইল্যান্ডে বাংলাদেশ

1

স্পোর্টস ডেস্ক।।

ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। কন্ডিশনিং ক্যাম্পের তৃতীয় দিনে আজ মূলত দলের রক্ষণভাগ ও মিডফিল্ডের সমন্বয় উন্নত করার দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন কোচিং স্টাফ।

স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টার অনুশীলনে অংশ নেন আফঈদা খন্দকাররা। সেশনের শেষভাগে খেলোয়াড়রা ফিনিশিং ড্রিল ও সেট-পিস নিয়ে আলাদা অনুশীলন করেন।

অনুশীলন শেষে ক্লান্তি কাটাতে মাঠের পাশেই আইস বাথ রিকভারি সেশনে অংশ নেয় পুরো দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, দলের সবাই এখন ফিট রয়েছে এবং ইনজুরি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।

আজকের রবিবার (১০ মে) অনুশীলনের বিষয়ে তিনি বলেন, ‘আজ (রবিবার) আমরা মূলত ডিফেন্ডার ও মিডফিল্ডারদের নিয়ে কাজ করেছি। মাঠে তাদের পারস্পরিক বোঝাপড়া ও রসায়ন আরও উন্নত করার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ’

এদিকে থাই নারী লিগের দল কাসেমবন্ডিত এফসির বিপক্ষে আজ একটি রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে প্রধান কোচ পিটার বাটলারের সিদ্ধান্তে ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে আগামীকাল মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই প্রস্তুতি ম্যাচকে সাফের আগে নিজেদের যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। তিনি বলেন, ‘আগামীকালের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কেমন ফুটবল খেলতে চাই এবং নতুন খেলোয়াড়দের ভূমিকা কী হবে, সেটি মূল্যায়নের জন্য ম্যাচটি বেশ কাজে দেবে।’

সূচি অনুযায়ী, আগামী ১৩ মে থাইল্যান্ডে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এরপর ২১ মে থাইল্যান্ড থেকে সরাসরি ভারতের গোয়ার উদ্দেশে রওনা দেবে দলটি।

উল্লেখ্য, এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। আগামী ২৮ মে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।