বটিয়াঘাটা প্রতিনিধি।।
বটিয়াঘাটা উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে আজিজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে। নিহত আজিজুল বাগেরহাট জেলার মোরেলগন্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমান পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪টি মোটরসাইকেল যোগে কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আজিজুলকে তুলে নিয়ে আসে। পরবর্তীতে দূর্বৃত্তরা তাকে বিলের ভিতর ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তবে ঘটনাস্থল হতে কোনো গুলির খোসা ও ম্যাগাজিন উদ্ধার এখনো হয়নি বলে পুলিশ জানায় । নিহত ব্যক্তির শরীরে গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার পূর্ব থেকেই উরুর নিচ হতে একটি পা বিচ্ছিন্ন ছিল বলে জানা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
নিহত ব্যক্তির নামে মাদক, ডাকাতি এবং চাঁদাবাজি সংক্রান্ত ০৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যার ক্লু উদঘাটনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে









































