Home Lead খুলনাঞ্চলে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগকে পুনর্গঠনের অভিযোগ, বাড়ছে উদ্বেগ

খুলনাঞ্চলে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগকে পুনর্গঠনের অভিযোগ, বাড়ছে উদ্বেগ

54


স্টাফ রিপোর্টার॥
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগকে নতুন করে সংঘবদ্ধ করার চেষ্টা চলছে-এমন তথ্য ঘিরে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগ-ঘনিষ্ঠ নেতাকর্মীদের ফের সক্রিয় করার গোপন তৎপরতা চলছে।


সূত্রগুলো বলছে, রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলায় নিষিদ্ধ সংগঠন দুটির পুরোনো কাঠামো পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে ছাত্রলীগের প্রায় ৫০টি ইউনিটে নতুন কমিটি গঠনের তথ্য পাওয়া গেছে। ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের পর পর্যায়ক্রমে যুবলীগের ইউনিট কমিটিও ঘোষণা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


গোয়েন্দা তথ্য অনুযায়ী, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতার নির্দেশনায় দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, রাতের আঁধারে শপথ গ্রহণ, পোস্টারিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা চলছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব কার্যক্রম বিচ্ছিন্ন নয়; বরং সুসংগঠিত পুনর্গঠনের প্রাথমিক মহড়া হতে পারে।


সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন স্থানে আকস্মিক মিছিল ও গোপন বৈঠকের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর নজর কাড়ে। চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে আটক করার ঘটনাও আলোচনায় এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে হারিকেন মিছিল, রাতের শপথ ও পোস্টারিংয়ের ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


নিরাপত্তা সূত্রগুলোর দাবি, কিছু ক্যাডার ছদ্মবেশে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে বিভাজন ও উত্তেজনা তৈরির চেষ্টা করছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ভুয়া আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর তথ্যও পাওয়া গেছে।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো ধরনের গোপন তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহজনক কার্যক্রম শনাক্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি মোকাবিলায় শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও রাজনৈতিক ঐক্যও জরুরি। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।