Home খেলাধুলা অবসর নিয়ে রোনালদোর বিস্ফোরক মন্তব্য

অবসর নিয়ে রোনালদোর বিস্ফোরক মন্তব্য

0

স্পোর্টস ডেস্ক।।

ক্যারিয়ারের শেষ সময় ঘনিয়ে আসছে—এমন কথা ভক্তদের মনে করিয়ে দিলেন হার না মানা পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-আহলির বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ব্রাজিলিয়ান এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন রোনালদো।

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমার ক্যারিয়ারের শেষটা ঘনিয়ে আসছে… আসুন প্রতিটি ম্যাচ উপভোগ করি।’ তবে প্রতিযোগিতার তীব্রতা এখনো কমেনি তার মধ্যে।

‘আমার ক্যারিয়ার দারুণ কেটেছে, আমি চাই সেটি এমনই থাকুক। আমি এখনো খেলাটা উপভোগ করছি, এখনো গোল করছি,’ যোগ করেন তিনি।

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় অর্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন রোনালদো। আল নাসরের হয়ে এবার সৌদি প্রো লিগ জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

রোনালদো বলেন ‘সবচেয়ে বড় বিষয় হলো জেতা। আমরা সত্যিই লিগ জিততে চাই।’ বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। এক ম্যাচ কম খেলা নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা।

রোনালদো আরো বলেন, তার খেলা শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, বরং অতীত ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও। তিনি বলেন, ‘আমি খেলি শুধু এই প্রজন্মের জন্য নয়, আগের ও আগামী প্রজন্মের জন্যও। প্রতিদিন, প্রতিটি ম্যাচ আমি উপভোগ করি। যদিও এখন ক্যারিয়ারের শেষটা কাছে।’

বয়স ৪১ হলেও গোল করা, জেতা আর নিজের ছাপ রেখে যাওয়ার ক্ষুধা এখনো আগের মতোই প্রবল রোনালদোর। সামনেই ফিফা বিশ্বকাপ। শেষটা হয়তো এর পরেই, তবে মাঠে থাকাকালীন তার উচ্চাকাঙ্ক্ষার কোনো শেষ নেই।