আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও দুইজন। রোববার (৩ মে) ভোররাতে দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর প্রায় ৪টার দিকে যখন ভবনের বাসিন্দারা গভীর ঘুমে ছিলেন, ঠিক সেই সময়ই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসায় অনেককে সুরক্ষিতভাবে বের করে আনা সম্ভব হলেও বেশ কয়েকজন ভেতরে আটকে পড়েন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বহুতল ভবনটির তিন তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দেন দমকলের সদস্যরা। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, প্রথমে তাদের বেশ হিমশিম খেতে হয়। দমকলের মোট ১৪টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা সংবাদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ততক্ষণে আগুনের গ্রাসে প্রাণ হারান ৯ জন। আহতদের উদ্ধার করে দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দমকল বাহিনীর উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল থেকে দেখা যায়, ভবনের অধিকাংশ অংশই ভস্মীভূত হয়ে গেছে এবং পোড়া ধ্বংসাবশেষ থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










































