স্পোর্টস ডেস্ক।।
লিওনেল মেসির ব্যক্তিগত মাইলফলকের দিনে ঘরের মাঠে এক অবিশ্বাস্য পরাজয়ের সাক্ষী হলো ইন্টার মায়ামি। ম্যাচের ৩৩ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত অরলান্ডো সিটির কাছে ৪-৩ ব্যবধানে হেরেছে তারা।
অরলান্ডোর এই নাটকীয় জয়ের নায়ক মার্টিন ওজেদা, যিনি হ্যাটট্রিক করে মায়ামিকে স্তব্ধ করে দেন। আর যোগ করা সময়ে টাইরেস স্পাইসার জয়সূচক গোলটি করলে নতুন স্টেডিয়াম ‘নু স্টেডিয়ামে’ মায়ামির জয়হীন যাত্রা আরও দীর্ঘায়িত হয়। ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ইন্টার মায়ামির নিয়ন্ত্রণে। চতুর্থ মিনিটেই ইয়ান ফ্রে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন।
এরপর তেলাসকো সেগোভিয়ার গোলে সহায়তা করেন মেসি এবং নিজের ১০০তম ম্যাচে মায়ামির জার্সিতে ৮৬তম গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা।
টানা দুই ম্যাচ গোলহীন থাকার পর মেসির এই গোল গ্যালারিতে উল্লাস বয়ে আনলেও ম্যাচের শেষ পরিণতি ছিল ভিন্ন। মায়ামির বর্তমান এই নতুন হোম ভেন্যুতে গত ৪ এপ্রিল উদ্বোধনের পর টানা চার ম্যাচে এখনো জয়ের মুখ দেখেনি তারা।
বিরতির ঠিক আগে ৩৯ মিনিটে মার্টিন ওজেদা গোল করে অরলান্ডো র প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন। যদিও মায়ামি গোলরক্ষক ডেন সেন্ট ক্লেয়ার বেশ কিছু দারুণ সেভ করে দলকে লিড ধরে রাখতে সাহায্য করেছিলেন, কিন্তু ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচে সমতা ফেরান ওজেদা।
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে টাইরেস স্পাইসার গোল করলে ৩-০ ব্যবধান ঘুচিয়ে জয় নিশ্চিত করে অরলান্ডো । এমএলএস ইতিহাসে ৩-০ তে পিছিয়ে থেকে ম্যাচ জেতার এটি মাত্র তৃতীয় ঘটনা।
এই হারের ফলে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির টানা ১১ ম্যাচের অপরাজিত যাত্রার অবসান ঘটল। ম্যাচ শেষে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মায়ামির ফুটবলাররা।
ডিফেন্ডার ইয়ান ফ্রে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় বলেন, ৩-০ গোলে এগিয়ে থেকেও হার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশ্বকাপের সাত সপ্তাহের বিরতির আগে মায়ামির হাতে আর মাত্র চারটি ম্যাচ রয়েছে তাদের ফর্ম ফিরে পাওয়ার জন্য।










































