Home আঞ্চলিক যশোরে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার, মেয়ে আটক

যশোরে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার, মেয়ে আটক

1


কেশবপুর (যশোর) প্রতিনিধি।।

যশোরের কেশবপুরে গৌরী রানীর (৭৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে দীপ্তি অধিকারীকে (৫০) আটক করা হয়েছে। আটক দীপ্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

নিহত গৌরী রানী সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী। অভিযুক্ত দীপ্তি মনিরামপুরের নাগরঘোপ এলাকার মৃত তরুণ অধিকারীর স্ত্রী।

এলাকাবাসী জানায়, কয়েক দিন আগে শ্বশুরবাড়ি থেকে মা গৌরী রানীর বাড়িতে আসেন দীপ্তি। আজ মঙ্গলবার সকালে দীপ্তিকে শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য তাঁর দেবর পবিত্র অধিকারী (৫৬) গৌরী রানীর বাড়িতে আসেন। এ সময় তিনি বাড়ির দোতলায় উঠে দেখেন গৌরী রানী মৃত অবস্থায় পড়ে রয়েছে। দীপ্তি অধিকারী পাশের বাথরুমে বিবস্ত্র অবস্থায় বসে আছেন। মরদেহের পাশেই তরকারি কাটার বঁটি পড়েছিল। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার রাতে দীপ্তি বঁটি দিয়ে মায়ের কপাল ও মাথার পেছনে আঘাত করেন। এতে রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ’লাশ উদ্ধার করাসহ বৃদ্ধার মেয়ে দীপ্তি অধিকারীকে আটক করা হয়েছে। আটক দীপ্তি অধিকারী একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’