Home খেলাধুলা ২০২৬ বিশ্বকাপে দুইবার ‘কার্ড মুক্তি’ পাবেন ফুটবলাররা!

২০২৬ বিশ্বকাপে দুইবার ‘কার্ড মুক্তি’ পাবেন ফুটবলাররা!

2

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলো যাতে বড় তারকাদের ছাড়াই খেলতে না হয়, সেজন্য কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। আসন্ন ২০২৬ বিশ্বকাপে ফুটবলারদের জন্য দুইবার ‘ইয়েলো কার্ড অ্যামনেস্টি’ বা কার্ডের দায়মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সাধারণত আগের বিশ্বকাপগুলোতে কেবল কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা (ওয়াইপ আউট) হতো। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন আসরে ৪৮টি দল অংশ নেওয়ায় ম্যাচ সংখ্যা বাড়ছে।

ফলে যোগ হয়েছে অতিরিক্ত একটি রাউন্ড (রাউন্ড অব ৩২)। এই বাড়তি চাপের কথা মাথায় রেখেই ফিফা চাচ্ছে গ্রুপ পর্বের শেষে একবার এবং কোয়ার্টার ফাইনালের পর আরেকবার হলুদ কার্ডের হিসাব শূন্য করে দিতে।

মঙ্গলবার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের সভায় এই নতুন নিয়মটি নিয়ে আলোচনা ও চূড়ান্ত অনুমোদনের কথা রয়েছে। ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, খেলোয়াড়দের ওপর থেকে অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুরানো নিয়ম বহাল থাকলে, কোনো খেলোয়াড় কোয়ার্টার ফাইনালের আগে পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হলুদ কার্ড পেলেই সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারতেন। কিন্তু নতুন নিয়মে গ্রুপ পর্বের কার্ড গ্রুপ পর্বেই শেষ হয়ে যাবে।

এরপর নকআউট পর্বে (রাউন্ড অব ৩২ থেকে কোয়ার্টার ফাইনাল) পুনরায় নতুন করে কার্ডের হিসাব শুরু হবে। অর্থাৎ, কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হলে হয় গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে কার্ড পেতে হবে, অথবা নকআউট পর্বের তিন ম্যাচের দুটিতে কার্ড পেতে হবে।

ফিফা মনে করে, এই পদ্ধতিতে কার্ডের বোঝা কমিয়ে আনা সম্ভব হবে এবং দলগুলো তাদের সেরা একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মাঠে নামার সুযোগ পাবে।