Home খেলাধুলা পিএসজির সামনে অদম্য বায়ার্ন

পিএসজির সামনে অদম্য বায়ার্ন

1

স্পোর্টস ডেস্ক।।

দুরন্ত দাপটে বুন্দেসলিগা নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন। পিএসজিও ‘লিগ ওয়ান’ শিরোপা ঘরে তোলার পথেই রয়েছে। তবে ঘরোয়া আসরে শ্রেষ্ঠত্বের সঙ্গে দুটি ক্লাবই মরিয়া হয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগ জিততে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি আবার রয়েছে টানা দ্বিতীয় ফাইনালের মিশনে। তাদের সে মিশনে বাধা এখন দুরন্ত ছন্দে থাকা বায়ার্ন। প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে দুই দল।

চ্যাম্পিয়ন্স লিগে যেন অন্য দল পিএসজি। নকআউটে দুরন্ত দাপট দেখিয়ে এরই মধ্যে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন লুইস এনরিখের শিষ্যরা। চেলসি ও লিভারপুলের মতো দলকে দুই লেগ মিলিয়ে মোট ১২ গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টানা তৃতীয় সেমিফাইনালে এসেছেন দেম্বেলে-খাভিচারা। একটি মাইলফলকের সামনেও দাঁড়িয়ে তারা। আজ জিততে পারলে পিএসজি হবে ফরাসি ফুটবল ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচজয়ী প্রথম ক্লাব। কাকতালীয়ভাবে এই আসর চ্যাম্পিয়ন্স লিগ নাম ধারণের পর তাদের প্রথম জয়টি বায়ার্নের বিপক্ষেই এসেছিল।

বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা নিশ্চিত করে ফেলেছে ১৯ এপ্রিল। লিগ শিরোপাকে ডালভাত বানিয়ে ফেলা বাভারিয়ান ক্লাবটি সেদিন তেমন কোনো উদযাপনই করেনি। দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি সঙ্গে সঙ্গেই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন, তাদের মূল্য লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। ২০২০ সালে কভিডের সময় সিঙ্গেল লেগ ফরম্যাটের আসরে শিরোপা জয়ের পর কেবল কোয়ার্টার ফাইনালে আটকে যেতেন তারা, একবার সেমিতে যেতে পেরেছিলেন। সেখানেও হেরে ফাইনালে ওঠা হয়নি।

আসলে দুই লেগের সর্বশেষ পাঁচ সেমিতেই হেরেছে তারা। এবার কি সেই বৃত্ত ভাঙতে পারবে তারা? এবার অবশ্য দুর্দান্ত ছন্দে আছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচ জিতে সেমিতে এসেছে। এর মধ্যে শেষ আটে রিয়াল মাদ্রিদকে দুই লেগে ২-১ ও ৪-৩ ব্যবধানে হারিয়েছে। গত শনিবার বুন্দেসলিগায় মাইঞ্জের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় দিয়ে সেমির প্রস্তুতি সেরেছে তারা। গত নভেম্বরে পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ পর্বে পিএসজিকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বায়ার্ন। এ জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস জোগাবে তাদের।

প্যারিসের ক্লাবটির বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে বায়ার্ন। তার ওপর দুরন্ত ছন্দে আছেন দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তারকা উইঙ্গার সের্গেই জিনাব্রি অবশ্য চোট পেয়েছেন, তবে তরুণ প্রতিভা জামাল মুসিয়ালা ফিট হয়ে উঠেছেন।