নিজস্ব প্রতিবেদক।।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে মহানগরের শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিমকে (৪১) গ্রেফতার করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ২৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৮:৪০ ঘটিকায় সোনাডাঙ্গা মডেল থানাধীন শেখপাড়া লোহাপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডিবির একটি চৌকস দল লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতের পরিচয়:
আসামি মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিম (৪১) সোনাডাঙ্গা মডেল থানার শেখপাড়া (আবুল হোসেন সড়ক, সঙ্গীতার মোড়) এলাকার বাসিন্দা মোঃ লতিফ কাজীর ছেলে। তিনি ওই এলাকার হায়দারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অপরাধের বিবরণ:
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেলিম কেএমপি’র তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরিসহ মাদক সংক্রান্ত একাধিক মামলার এজাহার রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
কেএমপি ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগরে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।










































