স্টাফ রিপোর্টার।।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করেছেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার। মনোনীত সদস্যরা হলেন— খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
গত ১৬ এপ্রিল ২০২৬ (০৩ বৈশাখ ১৪৩৩) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর ১৯(১)(খ) ধারা মোতাবেক মাননীয় স্পীকার এই দুই সংসদ সদস্যকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সিন্ডিকেট সদস্য মনোনয়নের অনুরোধ জানিয়ে সংসদ সচিবালয়ে পত্র প্রেরণ করা হয়েছিল। সেই পত্রের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই মনোনয়নের অনুলিপি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দুই সংসদ সদস্যসহ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরামে দুই জন অভিজ্ঞ জনপ্রতিনিধির অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।










































