খবর বিজ্ঞপ্তি।।
দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার ঐতিহ্য ও মর্যাদা রক্ষার প্রশ্নে আবারও গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে খুলনা প্রেসক্লাব। আসন্ন ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এক বিবৃতিতে বলেন, “খুলনার সাংবাদিকতা আজ এক ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। এটি স্বমহিমায় টিকে থাকবে, নাকি প্রতিকূলতার মাঝে অস্তিত্ব সংকটে পড়বে—তার সিদ্ধান্ত নিতে হবে এখনই।”
তিনি আরও বলেন, “৩০ এপ্রিল শুধু একটি নির্বাচন নয়, এটি সাংবাদিকতার মর্যাদা রক্ষার দিন। এই দিনে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারলে খুলনার সাংবাদিক সমাজ নতুন দিশা পাবে।”
মো. মঞ্জুর হোসেন ঈসা তার বক্তব্যে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মিজানুর রহমান মিলটনকে “সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় একজন বিপ্লবী কণ্ঠস্বর” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “পেশাগত দায়বদ্ধতা, সাহসী ভূমিকা এবং সাংবাদিক সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে মিলটন একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত।”
তিনি খুলনার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সচেতন সিদ্ধান্ত গ্রহণ করুন এবং যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করুন।”
সাংবাদিক সমাজের একাংশ মনে করছেন, এবারের নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং খুলনার সাংবাদিকতার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, অনেকেই পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার ও সংগঠনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন।
ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের নির্বাচনকে ঘিরে তাই সাংবাদিকদের মাঝে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।










































