ঢাকা অফিস।।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ’গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ে একটি নতুন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।’
মন্ত্রী বলেন, ’দেশের গণমাধ্যমের চ্যালেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের সব গণমাধ্যম দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাবে।’
শুক্রবার (২৪ এপ্রিল) দ্য ডেইলি স্টার পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ ”দ্য ডেইলি স্টার” দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের গণমাধ্যম জগতে একটি গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আক্রমণের পরও পত্রিকাটি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা তাদের দৃঢ়তা ও পেশাদারিত্বের প্রমাণ বহন করে।’
মন্ত্রী ডেইলি স্টার পরিবারের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক পাঠককে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।











































