Home আঞ্চলিক ড্যাব নেতাকে লাঞ্ছনার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি পালন

ড্যাব নেতাকে লাঞ্ছনার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি পালন

0

স্টাফ রিপোর্টার।।


খুলনায় প্রবীণ চিকিৎসক নেতা রফিকুল হক বাবলুকে লাঞ্ছনা এবং মব তৈরি করে ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়ার প্রতিবাদে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। কর্মসূচি চলাকালে বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চিকিৎসকরা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান থেকে বিরত থাকেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা বিশেষায়িত হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা শিশু হাসপাতালসহ অন্যান্য বেসরকারি হাসপাতালে এ কর্মবিরতি পালন করা হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগ সচল থাকায় রোগীদের ভোগান্তির শিকার হতে হয়নি।
গত ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে যান খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আসগার লবি। এ সময় তাঁর সঙ্গে আসা বিএনপি নেতারা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা মহানগর শাখার সভাপতি ডা. বাবুলকে ফ্যাসিস্টের দোসর অভিহিত করে গালাগাল করেন এবং শারীরিকভাবে আঘাত করতে তাঁর দিকে তেড়ে যান। ওই সময় তাঁকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। তখন সংসদ সদস্য হাসপাতালের ট্রাস্টি বোর্ডের কমিটি ভেঙে দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন।


এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ১৮ এপ্রিল মানববন্ধন করেন খুলনার চিকিৎসকরা।

গত ১৯ এপ্রিল খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, থানা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শেখ ইকবাল হোসেনকে শোকজ করে বিএনপি।