Home আঞ্চলিক যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত একই পরিবারের তিনজন

যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত একই পরিবারের তিনজন

5


যশোর অফিস।।

যশোরের বাঘারপাড়া উপজেলায় যশোর-মাগুরা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার (২৩ মার্চ ২০২৬) দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আবদুল মজিদ সরদার (৭০), তাঁর ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী মেয়ে সেহেরিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহতরা চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে প্রাইভেট কারে করে নিজ বাড়ি মণিরামপুরে ফিরছিলেন। গাড়িতে ছিলেন মজিদ সরদার, তাঁর স্ত্রী, ছেলে জনি, পুত্রবধূ ও দুই নাতি-নাতনি। গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশের একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

ঘটনাস্থলেই মজিদ সরদার ও তাঁর ছেলে জনি নিহত হন। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ছোট্ট সেহেরিশ। বাকি তিনজনকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণ হিসেবে রাতের অন্ধকার, দ্রুতগতি ও চালকের অসতর্কতাকে দায়ী করা হচ্ছে। পুলিশ ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।

একই পরিবারের তিন প্রাণহানির ঘটনায় মণিরামপুরের ফাতেহাবাদ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।