স্টাফ রিপোর্টার।।
খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় একদিনে শিশু নির্যাতন ও হত্যার একাধিক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পৃথক ঘটনাগুলোতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে এবং অন্য ঘটনাগুলোর তদন্ত জোরদার করা হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ফেরদৌস মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।
মামলা সূত্রে জানা যায়, ঈদের দিন (২১ মার্চ) দুপুরে শিশুটি তার এক বান্ধবীর বাড়িতে গেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি তাকে একা পেয়ে অনাকাঙ্ক্ষিত আচরণ করে। পরে ভুক্তভোগী শিশুটি বিষয়টি পরিবারের কাছে জানালে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, বাগেরহাটের শরণখোলায় ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে পরিচয় শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং ইতোমধ্যে সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর জান্নাতুল মাওয়া (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গেট সংলগ্ন একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শিশুটি পারিবারিক একটি অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নেওয়া এক সন্দেহভাজন ব্যক্তির খোঁজ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, তিনটি ঘটনাই অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সকল ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে একদিনে এমন একাধিক ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছে।











































