স্টাফ রিপোর্টার
খুলনায় লোকাল মিডিয়া এসোসিয়েশনের সঙ্গে মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাস)-এর এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খুলনা বিডাব্লিউসিসিআই মিলনায়তনে এ সভার আয়োজন করে মাসাস।
সভায় জানানো হয়, স্থানীয় উন্নয়ন সংস্থা মাসাস ‘অপরাজেয় বাংলাদেশ’-এর সহযোগিতায় ‘পারায়ন (অন্তর্ভুক্তিকরণ)’ প্রকল্প বাস্তবায়ন করছে। এসডিজি-৫ (লিঙ্গ সমতা) এবং এসডিজি-১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) এর লক্ষ্য সামনে রেখে এই প্রকল্পের আওতায় উঠান বৈঠক, কমিউনিটি ডায়ালগ সেশন, নারী অধিকারের ওপর পাবলিক হিয়ারিং, পরিবত কর্নার, লিগ্যাল এইড কর্নার, মহিলা মুক্তি সঙ্গী কমিটি এবং অ্যাডভাইজারি কমিটি গঠনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রকল্পের মাধ্যমে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়ন, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী শিক্ষার উন্নয়নে কাজ করা হচ্ছে।
২০২৫ সালের মার্চ থেকে শুরু হওয়া এ প্রকল্পটি ২০২৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত খুলনা জেলার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও রূপসা উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনের ১৬, ১৭, ১৮, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে বাস্তবাযি়ত হবে।
সভায় আরও জানানো হয়, করোনাকালে চরম খাদ্য সংকটে পড়া অনেক পরিবার এই প্রকল্পের সহায়তায় বর্তমানে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অনেক নারী এখন পরিবারের প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছেন। একই সঙ্গে সামাজিক সুরক্ষাবলয়ের বাইরে থাকা মানুষদের অন্তর্ভুক্তি বাড়ছে এবং সচেতনতা বৃদ্ধির ফলে পারিবারিক সহিংসতা কমছে ও সমাজে জেন্ডার সমতা বৃদ্ধি পাচ্ছে।
মাছরাঙা টেলিভিশনের মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাসাসের প্রধান নির্বাহী শামীমা সুলতানা শিলু, দৈনিক দিনকালের মো. সোহরাব হোসেন, দৈনিক কালের কণ্ঠের কৌশিক দে বাপী, দৈনিক জন্মভূমির দেবব্রত রায়, ডিবিসি নিউজের আমিরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের আসাফুর রহমান কাজল, দৈনিক প্রবাহের মো. সাইফুল ইসলাম, দৈনিক সময়ের আরজে উজ্জ্বল, দৈনিক খুলনা টাইমসের সুমন, দৈনিক তথ্যের সাগর সরকার এবং মাসাসের এরিয়া ম্যানেজার অশোক কুমার মন্ডল।
বক্তারা সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং মাসাসের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা মাসাস ১৯৯৮ সাল থেকে খুলনা জেলায় সুবিধাবঞ্চিত শিশু, কিশোর-কিশোরী, যুবসমাজ, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার আদায়, আইনি সহায়তা, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।











































