স্পোর্টস ডেস্ক।।
সালমান আলী আঘাকে করা মেহেদী হাসান মিরাজের রান আউটটি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। সে ঘটনার পার্শ্ব চরিত্র লিটন কুমার দাস। আউট হওয়ার পর টাইগার উইকেটকিপারের সঙ্গে তর্কে জড়ান পাকিস্তান ব্যাটার। এ নিয়ে পরে সম্প্রচারক টিভি চ্যানেলে মুখ খোলেন লিটন। তার ভাষায়, এটি আন্তর্জাতিক ম্যাচ, কোনো চ্যারিটি ম্যাচ নয়।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করতে পারনি বাংলাদেশ। ডিএলএস মেথডে মেহেদী হাসান মিরাজদের হার ১২৮ রানে। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় সালমানের রান আউট। ম্যাচের পর সতীর্থের পাশেই দাঁড়ান লিটন। সম্প্রচারক টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লীগ খেলতে আসেনি। এটি আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট।’
ঘটনাটি ইনিংসের ৩৯তম ওভারের। চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ানের শট সোজাসুজি চলে যায় বোলার মিরাজের দিকে। সেটি পা দিয়ে আটকান টাইগার অধিনায়ক। নন–স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সালমান তখন ক্রিজের বাইরে। বলটি তাদের দু’জনের পায়ের কাছে আসে। সেটি মিরাজের হাতে দিতে কিছুটা ঝোঁকেন সালমান। তবে তিনি বল ধরার আগেই মিরাজ সেটি নিজে কুঁড়িয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। পরে রিভিউয়ে টিভি স্ক্রিনে দেখা যায়, সালমান ক্রিজের বাইরে ছিলেন এবং তাকে আউট ঘোষণা করা হয়।









































