স্পোর্টস ডেস্ক।।
ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুঃসময় যেন কাটছেই না। বাংলাদেশ ফুটবল লীগের (বিপিএল) চলতি মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়খরা এবার ষষ্ঠ ম্যাচে গিয়ে ঠেকলো। গতকাল ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হয়ে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা। দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জে দাপুটে ফুটবল উপহার দিয়ে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে দিয়েছে রহমতগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। মোহামেডানের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়েছে পুলিশ দল। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে চারে আবাহনী। আর জয়খরায় ভোগা মোহামেডান আগের অবস্থান ছয়েই রয়েছে। ফকিরেরপুলকে বড় ব্যবধানে হারিয়ে দুই ধাপ উন্নতি হয়েছে রহমতগঞ্জের। ১৮ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এসেছে তারা। আর আটেই আছে ফকিরেরপুল।
ময়মনসিংহে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জন্য ঘুরে দাঁড়ানোর কঠিন পরীক্ষায় নামে মোহামেডান। লীগের শেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা না পাওয়া আলফাস আহমেদের শিষ্যরা শুরু থেকেই ছিল চাপে। ৩৯ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি হজম করে বসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে গোল করে পুলিশ দলকে লিড এনে দেন পাওলো হেনরিক। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া মোহামেডান বেশিক্ষণ অপেক্ষা করেনি। গোল হজমের মাত্র ৩ মিনিট পর অর্থাৎ ৪২ মিনিটে মোজাফফর মোজাফফরভ গোল করে দলকে সমতায় ফেরান। ১-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যাবার পর দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালায়। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই তাদের সন্তুষ্ট থাকতে হয়। এই ড্রয়ের ফলে লীগ শিরোপার দৌড় থেকে মোহামেডান কার্যত আরও ছিটকে পড়লো ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১১। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তারা ১২ পয়েন্টে পিছিয়ে মোহামেডান। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ভিন্ন চিত্র দেখা গেছে। প্রথম পর্বে ফকিরেরপুলের কাছে হারের প্রতিশোধ নিতে মাঠে নামে রহমতগঞ্জ। মাঠের লড়াইয়ে পুরান ঢাকার ক্লাবটি ছিল অপ্রতিরোধ্য। ম্যাচের ৪০ মিনিটে গাম্বিয়ান মিডফিল্ডার কিং সোলেমানের গোলে লিড নেয়। বিরতির পর ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেনর্ মোহাম্মদ ইসলাম। আর ৮৪ মিনিটে ২২ বছর বয়সী ফরোয়ার্ডের বাড়ানো বল থেকে রহমতগঞ্জের ব্যবধান ৩-০ করেন আরনেস্ট বুয়াটেং। এ জয়ে আবাহনীকে চাওে নামিয়ে পয়েন্ট তালিকার তিনে ওঠে তারা।










































