রূপান্তর আয়োজিত নারী ব্রিগেড গঠন সভায় বক্তারা
স্টাফ রিপোর্টার
নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে নারীদের একটা শক্তিশালী মঞ্চ গড়ে তোলা জরুরী। প্রতিবাদ এবং প্রতিরোধের শক্তি অর্জনের প্রথম ধাপ এই মঞ্চ। নারীরা প্রথম প্রতিরোধ গড়ে তুলতে পারলে বিবেকবান পুরুষেরাও সহযোগী শক্তি হিসেবে পাশে এসে দাঁড়াবেন। এখন দরকার হবে সাহসের সাথে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া। নারী পেছনে পড়ে থাকলে সমাজ এগুতে পারবে না।
নারীর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে খুলনা জেলা ব্রিগেড গঠন সভায় বক্তারা এ কথা বলেন। আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় বক্তারা এ কথা বলেন। ইউএসএইড, ইউকেএইড-এর অর্থায়নে কাউন্টারপার্টের সহযোগিতায় রূপান্তর পরিচালিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। এতে প্রধান অতিথি ছিলেন পিআইডি খুলনার সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। অনুষ্ঠানের সূচনা বক্তৃতা করেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। মুক্ত আলোচনায় অংশ নেন পাখী দত্ত, পারভীণ আক্তার স্বপ্না, চমন আক্তার, উত্থান রায়, এ্যাড. পপি ব্যানার্জী, ফরিদা ইয়াসমিন বুলি, শাহানা পারভীন, সজল আহমেদ প্রমূখ।
সভায় এড. শামীমা সুলতানা শিলুকে আহ্বায়ক, শাহানা পারভীন, ইসমত আরা হীরা এবং পাখী দত্তকে যুগ্ম-আহ্বায়ক এবং উত্থান রায়কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট নারী ব্রিগেড গঠন করা হয়। উল্লেখ্য, তৃণমূল নারী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের নিয়ে এই ব্রিগেড গঠিত হয়েছে।










































