Home আঞ্চলিক খুলনায় দিনভর অবিরাম বৃষ্টি: স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত

খুলনায় দিনভর অবিরাম বৃষ্টি: স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত

15

স্টাফ রিপোর্টার//

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে খুলনায় অবিরাম বৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে দিনভর হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অবিরাম বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে, হিন্দু সম্প্রদায়ের শুরু হওয়া সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসবে বাদসেধেছে বৃষ্টি। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। বৃষ্টি আরো দুই একদিন থাকবে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

খুলনা আবহাওয়া অফিস সূত্র জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন স্থানে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে খুলনা বিভাগের উপকূলবর্তী স্থানগুলোতে একটানা মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ হয়েছে। যা দিনভর অব্যাহত ছিল। বৃষ্টিপাতের ফলে খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল  আজাদ জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত খুলনায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই-একদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে, আশা করা হচ্ছে, শনিবার থেকে বৃষ্টিপাত কমে আসবে। তিনি জানান, মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর ও নদী বন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।