Home আঞ্চলিক খুলনা-৪ আসনে ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা আজিজুল বারী হেলালের

খুলনা-৪ আসনে ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা আজিজুল বারী হেলালের

18

স্টাফ রিপোর্টার।।


নির্বাচনী প্রচার-প্রচারণার তৃতীয় দিনে ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।


শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় রূপসা উপজেলার আইচগাতি এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে ভৈরব নদের ওপর দ্বিতীয় সেতু নির্মাণ করে রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলার সঙ্গে খুলনা শহরের সরাসরি যোগাযোগ স্থাপন, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া পাটকল চালু, পরিত্যক্ত পাট গুদামে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন এবং নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির কথা জানান।

এছাড়া পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও খাল খনন, কৃষকদের জন্য বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সরবরাহ, হাসপাতাল আধুনিকায়নসহ স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে। চাঁদা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের পাশাপাশি নারী উন্নয়ন, যুব কর্মসংস্থান, শিশু ও বৃদ্ধদের অধিকার সুরক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার কথাও তুলে ধরেন তিনি।


এ অঞ্চলে জন্ম নেওয়া কবি কৃষ্ণচন্দ্র মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিভূমি সংরক্ষণের অঙ্গীকারও রয়েছে ইশতেহারে। সংবাদ সম্মেলনে আজিজুল বারী হেলাল বলেন, নির্বাচনে বিজয়ী হলে খুলনা-৪ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে এবং সে লক্ষ্যেই সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

এ সময় তার নির্বাচনী এলাকার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।