Home খেলাধুলা সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক।।

প্রথমবারের মতো এশিয়ান গেমসের মেয়েদের হকি ইভেন্টের বাছাই খেলতে গেছে বাংলাদেশ নারী হকি দল। আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ইভেন্টের বাছাইয়ের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে চারবার এশিয়ান গেমস খেলেছে সিঙ্গাপুর। তাদের বিপক্ষে চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুই গোল তুলে দারুণ এ জয় পায় বাংলাদেশ।

শুরু থেকেই আজ ভালো খেলে বাংলাদেশ। রিয়ার হিটে এগিয়ে যায় অষ্টম মিনিটেই। যদিও প্রথম কোয়ার্টারের দ্বাদশ মিনিটেই সমতা ফেরান সিঙ্গাপুরের চিয়া চেরিল।

দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দলই। চতুর্থ কোয়ার্টারে গোলের জন্য তাই দুই দলই মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত সময়ে চার মিনিট বাকি থাকতে কাঙ্ক্ষিত মুহূর্তের দেখা পায় বাংলাদেশ। সার্কেলের ভেতরে ঢুকে জোরাল হিটে লক্ষ্যভেদ করেন রিয়া।

এরপর ৫৮তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই তারকা। বাকি সময় আর গোল করতে পারেনি সিঙ্গাপুর। আর উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা।