Home Lead কুয়েট ছাত্রের কাছে অশ্লীল ভিডিও, খতিয়ে দেখতে কমিটি গঠন

কুয়েট ছাত্রের কাছে অশ্লীল ভিডিও, খতিয়ে দেখতে কমিটি গঠন

0


স্টাফ রিপোর্টার।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্রের বিরুদ্ধে অশ্লীল ও যৌন নিপীড়নের ভিডিও রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

অভিযুক্ত ছাত্রের নাম হাসিব। তিনি কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০ ব্যাচের ছাত্র।

গত রোববার দুপুরে বিষয়টি জানাজানি হওয়ার পর দিবাগত রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, রোববার বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবের কম্পিউটারে নিজের গুগল ড্রাইভ অ্যাকাউন্ট লগইন করেন অভিযুক্ত ছাত্র হাসিব। কিন্তু পরে অ্যাকাউন্ট লগআউট করতে ভুল যান তিনি। পরে ল্যাবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা ল্যাব করতে গিয়ে ওই অ্যাকাউন্টটি দেখতে পান।

সেখানে বিভিন্ন ব্যক্তির নামে আলাদা আলাদা ফোল্ডারে ছবি ও ভিডিও সংরক্ষিত ছিল, যেগুলোকে ‘ট্রফি’ হিসেবে রাখা হয়। এসব কনটেন্টের মধ্যে বিভিন্ন বয়সী নারীর ছবি ও ভিডিও রয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। ধর্ষণ ও শারীরিক সম্পর্কের ভিডিও রেখেছিলেন হাসিব। শিক্ষার্থীদের অভিযোগের সূত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি তদন্ত শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. হাসান আলী বলেন, এ ঘটনায় ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আরিফুজ্জামান, খান জাহান আলী হলের প্রভোস্ট ড. মুহাম্মদ আব্দুল্লাহ ইলিয়াস আখতার ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক রাজন কুমার রাহাকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রকল্যাণ পরিচালক আরও বলেন, দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্নের জন্য কাজ করা হচ্ছে। এ বিষয়ে সরকারি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয় নিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে নেই।