আন্তর্জাতিক ডেস্ক।।
মধ্যপ্রাচ্যে যাই ঘটুক না কেন, হরমুজ প্রণালি বন্ধ করা উচিত হয়নি বলে মনে করে এলএনজি রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কাতার। শান্তি প্রতিষ্ঠা নিয়ে চলমান অগ্রগতির দিকে ইঙ্গিত করে দেশটি ‘ফ্রোজেন কনফ্লিক্টের’ বিষয়ে অংশীদারদের সতর্ক করেছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা বিশ্বাস করেন এই প্রণালি কখনোই বন্ধ হওয়া উচিত হয়নি। এই অঞ্চলে যাই চলুক না কেন, এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত।
আল-আনসারি বলেন, ‘আমরা চাই না অদূর ভবিষ্যতে এই অঞ্চলে আবার শত্রুতা শুরু হোক। আমরা কোনো ফ্রোজেন কনফ্লিক্ট চাই না।’ আন্তর্জাতিক রাজনীতিতে ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বলতে জটিল এক পরিস্থিতিকে বোঝানো হয়। যেখানে সংঘাত একেবারে থেমেও যায় না, আবার পুরোদমেও চলে না। সংঘাতের মাত্রা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে বাড়ে বা কমে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা এই যুদ্ধের টেকসই অবসান দেখতে আগ্রহী।’ হোয়াইট হাউসের পক্ষ থেকে স্থানীয় সময় সোমবার জানানো হয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়া সংক্রান্ত ইরানের সবশেষ প্রস্তাবটি যাচাই-বাছাই করা হচ্ছে।










































