Home খেলাধুলা ইনজুরিতে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ইনজুরিতে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

0

স্পোর্টস ডেস্ক।।

টেস্ট দল ঘোষণা করার সময়ই জানা গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হ্যামস্ট্রিংয়ে ছোটখাটো চোট আছে। প্রথম দিকে বিষয়টিকে জড়তা হিসেবে দেখা হলেও ক্ষতের গভীরতা নির্ণয় করা জরুরি ছিল। বিসিবির মেডিকেল বিভাগ সেটি করেছেও। এমআরআই রিপোর্টও পেয়ে গেছে তারা। নাজমুল হোসেন শান্তর চোটকে গুরুতর বলছে না তারা। তবে চোটের গ্রেডও প্রকাশ করছে না।

মঙ্গলবার (২৮ এপ্রিল) চোটাক্রান্ত জায়গা পর্যবেক্ষণ করার পর করণীয় ঠিক করা হবে বলে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানায়। প্রধান নির্বাচক হাবিবুল বাশার পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ থেকে শান্তকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

চট্টগ্রাম থেকে সোমবার (২৭ এপ্রিল) তিনি ফোনে সমকালকে বলেন, ‘শেষ ম্যাচে একটু টান লেগেছে। আমার মনে হয় না বড় কোনো ইনজুরি। গ্রেড জানার পর বিষয়টি পরিষ্কার হবে। এখনও হাতে যথেষ্ট সময় আছে। আশা করি, খেলতে কোনো সমস্যা হবে না।’

নাজমুল হোসেন শান্ত টেস্টের সেরা ব্যাটার। গত বছর শ্রীলঙ্কা সফরে জোড়া সেঞ্চুরি করেছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে বছরের শেষ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০০ রান করেছিলেন। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে ফিট শান্তকে বেশি প্রয়োজন।

অধিনায়ক হিসেবেও দারুণ কার্যকর তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজটি খেলার ব্যাপারে নাজমুল হোসেন শান্তও আশাবাদী। গতকাল সোমবার হোয়াটসঅ্যাপে সে ইঙ্গিত দেন। জাতীয় দলের টপঅর্ডার এই ব্যাটার ওয়ানডেতে তেমন ভালো করতে পারছিলেন না। ১৩ ইনিংস পর হাফ সেঞ্চুরির দেখা পান। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে সেঞ্চুরি করেন তিনি।