ক্রীড়া ডেস্ক।।
আন্তর্জাতিক ফুটবলে মোহামেদ সালাহর দীর্ঘ ক্যারিয়ারে যোগ হলো আরও একটি যন্ত্রণাদায়ক অধ্যায়। আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালে সেনেগালের কাছে হারের পর এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ব্যর্থ হলো তার দল। টাইব্রেকারে পেনাল্টি মিস করে দলের হারের দায় কাঁধে নিয়ে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়লেন লিভারপুলের এই কিংবদন্তি ফরোয়ার্ড।
শনিবার মরক্কোর স্তেদ মোহাম্মদ ভি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল আফ্রিকা ফুটবলের দুই পরাশক্তি মিশর ও নাইজেরিয়া।
নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ালে সেখানে মিশরকে ৪-২ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জপদক জিতে নেয় নাইজেরিয়া। এই জয়ের মাধ্যমে রেকর্ড নবমবারের মতো আফকনে ব্রোঞ্জ জেতার স্বাদ পেল ‘সুপার ঈগলসরা’।
পুরো টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা সালাহ ছিলেন গোল্ডেন বুটের দৌড়ে।
৪ গোল করে তিনি মরক্কোর ব্রাহিম দিয়াজের (৫ গোল) ঘাড়েই নিঃশ্বাস ফেলছিলেন। নাইজেরিয়ার বিপক্ষে ব্রাহিমকে টপকে যাওয়ার সুযোগ থাকলেও ৩৩ বছর বয়সী এই তারকা ছিলেন নিজের ছায়া হয়ে। শুধু সালাহ নন, পেনাল্টি মিসের মিছিলে নাম লেখান ম্যানচেস্টার সিটির তারকা ওমর মারমুশও। মিশরের হয়ে প্রথম দুটি শট নিতে আসা সালাহ ও মারমুশÑ উভয়ের শটই অসামান্য দক্ষতায় রুখে দেন নাইজেরিয়ার গোলকিপার স্ট্যানলি নোয়াবালি।
অন্যদিকে নাইজেরিয়ার পক্ষে অ্যাডামস, মোসেস সাইমন, অ্যালেক্স ইওবি এবং আদেমোলা লুকম্যান লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয় তাদের। মিশরের পক্ষে কেবল রামি রাবিয়া ও মাহমুদ সাবের গোল করতে সক্ষম হন। ফলে ১৯৮৪ সালের পর এই প্রথম চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে হলো আফকনের সবচেয়ে সফল দল মিশরকে।
ম্যাচের শুরুতে মরক্কোর দর্শকদের দুয়ো আর দুয়ো ধ্বনিতে চাপে ছিল মিশরীয়রা। মাঠের লড়াইয়ে আধিপত্য দেখালেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি কোনো পক্ষই।
প্রথমার্ধে নাইজেরিয়ার একটি গোল ভিএআরের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধেও নাইজেরিয়ার একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় মিশরীয় রক্ষণভাগকে। ৭৯ মিনিটে একটি প্রতি আক্রমণ থেকে মারমুশ ডি-বক্সে পড়ে গেলেও রেফারি পেনাল্টির আবেদনে সাড়া দেননি।
টুর্নামেন্ট জুড়ে ৫ ম্যাচে ৪ গোল করে দলকে সেমিফাইনাল পর্যন্ত টেনে নিলেও, শেষ মুহূর্তের এই পেনাল্টি মিস সালাহর ক্যারিয়ারে বড় এক আক্ষেপ হয়েই থাকল। এর আগে সেমিফাইনালে সেনেগালের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল ফারাওদের। এবার ব্রোঞ্জও না পাওয়ার শূন্যতা নিয়ে দেশে ফিরতে হচ্ছে সালাহ-বাহিনীকে।











































