স্পোর্টস ডেস্ক।।
সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে দারুণ প্রত্যাবর্তন করল বাংলাদেশ। নেপালের দৃঢ় প্রতিরোধ ভেঙে নেতৃত্ব দেন অধিনায়ক সাবিনা খাতুন, ব্যবধান বাড়ান কৃষ্ণা রানী সরকার, আর জয়ের সিলমোহর দেন লিপি আক্তার। থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি হলে সোমবার নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে ফেরে সাঈদ খোদারাহমির দল।
এই জয়ে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। টুর্নামেন্টের শুরুতে ভারতকে ৩-১ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ ড্র করেছিল লাল-সবুজরা।
ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। অনিতার কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণার ছোট পাস পেয়ে নিখুঁত শটে গোল করেন সাবিনা। বিরতির ঠিক আগে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা। সতীর্থের পাস ধরে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ‘নাটমেগ’ করে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ১৩তম মিনিটে লিপি আক্তারের গোল জয়ে প্রায় নিশ্চিত করে দেয়।
রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে বুধবার শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।











































