Home খেলাধুলা বিতর্ক আর নাটক পেরিয়ে সেনেগালের শিরোপা জয়

বিতর্ক আর নাটক পেরিয়ে সেনেগালের শিরোপা জয়

5


স্পোর্টস ডেস্ক।।

বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নাটক, দীর্ঘ ভিএআর পর্যালোচনা-সব কিছুর মাঝেই অতিরিক্ত সময়ে গোল করে স্বাগতিক মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জিতেছে সেনেগাল। রোববারের ফাইনালটি রীতিমতো প্রহসনের দৃশ্যেই শেষ হয়।

অতিরিক্ত সময়ের ৯৪তম মিনিটে মিডফিল্ডার পাপে গেইয়ের জোরালো শটে জয় নিশ্চিত করে সেনেগাল। এর আগে নির্ধারিত সময়ে শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন মরক্কোর তারকা ব্রাহিম দিয়াজ। ১৪ মিনিটের দীর্ঘ বিরতির পর নেওয়া সেই পেনাল্টিতে তিনি পানেঙ্কা স্টাইলে চিপ মারতে গিয়ে বল তুলে দেন সরাসরি সেনেগাল গোলরক্ষক এদুয়ার মেন্ডির হাতে।

পেনাল্টি ঘোষণার পরপরই সেনেগাল কোচ পাপে বোনা থিয়াউ খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন। পরে দলের তারকা সাদিও মানে সতীর্থদের বোঝান মাঠে ফিরতে। ভিএআর দেখে কঙ্গোলিজ রেফারি জ্যাঁ-জ্যাক নডালা পেনাল্টি দেন-স্টপেজ টাইমের পাঁচ মিনিটে কর্নার রক্ষা করতে গিয়ে সেনেগালের ফুলব্যাক এল হাদজি মালিক দিয়ুফ ব্রাহিম দিয়াজকে ফেলে দেওয়ায়।

রেফারি টাচলাইন মনিটরে পরামর্শ করার সময় যেমন, সেনেগাল মাঠ ছাড়ার সময়ও-দুই দফাতেই কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়। মাঠে ফিরে দিয়াজের দুর্বল পেনাল্টি মরক্কোর শিরোপা স্বপ্ন ভেঙে দেয়।

এই ঘটনার কারণে সফল টুর্নামেন্টে বড় দাগ পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে হার মানে মরক্কোর আফ্রিকা কাপে হতাশাজনক ইতিহাসও চলমান থাকল-এর আগে তারা মাত্র একবার, ৫০ বছর আগে শিরোপা জিতেছিল। সেনেগাল শেষ তিন আসরে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ র‍্যাংকিংধারী মরক্কোর ২৭ ম্যাচের অপরাজিত ধারা ভেঙে দেয়।

অতিরিক্ত সময়ে গেইয়ের শক্তিশালী শটে মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনুর কিছুই করার ছিল না। যদিও ম্যাচজুড়ে দু’দলই একের পর এক আক্রমণ করেছে, বুনু ও মেন্ডি—দু’জনকেই একাধিক গুরুত্বপূর্ণ সেভ করতে হয়েছে।

ম্যাচজয়ী গেই বলেন, ‘আমরা সত্যিই এখানে জিততে চেয়েছিলাম। ম্যাচটা খুব কঠিন ছিল, কিন্তু আমরা সবটা উজাড় করে দিয়েছি।’

শুরুর দিকেই স্বাগতিকদের জন্য শঙ্কা তৈরি হয়-প্রথম কর্নারেই পাপে গেই পোস্টের পেছনে ফাঁকা থেকে হেড নেন, বুনু তা ঠেকান। ৬৬,৫২৬ দর্শকের তীব্র বাঁশির আওয়াজে সেনেগালের প্রতিটি আক্রমণ বিদ্ধ হলেও তারা দমেনি।

প্রথমার্ধের মাঝামাঝি মরক্কো এগিয়ে যেতে পারত, কিন্তু আইদ্রিসা গানা গেই বল হারানোর পর আয়ুব এল কাবির পাসে ইসমাইল সাইবারি অফসাইডে পড়ে যান। ৩৮তম মিনিটে নিকোলাস জ্যাকসনের পাসে ইলিমান এনদিয়ায়ের শট বুনু রুখে দেন। ৫৮তম মিনিটে এল কাবির সহজ সুযোগ নষ্ট করেন—বিলাল এল খানুসের বাঁকানো ক্রস গোলের বাইরে যায়।

স্টপেজ টাইমের শুরুতেই গোলমুখের জটলায় সেনেগালের বল জালে গেলেও, বিল্ডআপে আবদুলায়ে সেক আচরাফ হাকিমিকে ধাক্কা দেওয়ায় গোল বাতিল হয়।

মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, `মরক্কোর মানুষের জন্য আমরা খুব হতাশ। শেষ মিনিটে পেনাল্টি পেলে জয় খুব কাছে মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত ফুটবলই বিচার করে। সেনেগালকে অভিনন্দন—যদিও পেনাল্টি ঘোষণার সময় যা ঘটেছে, তাতে আফ্রিকান ফুটবলের যে ছবি উঠেছে, তা হতাশাজনক।’